বিদেশ মন্ত্রকে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ১০ হাজার টাকা! ২৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন -MEA Internship 2026

By Bongosathi Career Team

Published on:

MEA Internship 2026: আপনি কও পড়াশোনার পাশাপাশি দেশের বিদেশনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বাস্তব কাজের অভিজ্ঞতা নিতে চান? তাহলে বিদেশ মন্ত্রকের এই ইন্টার্নশিপ কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেন। ২০২৬ সালের বিদেশ মন্ত্রক কর্তৃক ইন্টার্নশিপের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে ।

এই ইন্টার্নশিপ প্রোগ্রামে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যোগ্য পড়ুয়া এবং স্নাতকদের সুযোগ দেওয়া হবে। সুযোগ পেলে প্রতি মাসে ১০,০০০ টাকা করে স্টাইপেন্ডও দেওয়া হবে।

তবে এখানে আবেদন করার আগে বয়স, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব এবং সংশ্লিষ্ট পর্বের রাজ্যভিত্তিক আসনের শর্তগুলি জেনে নেওয়া জরুরি। কারণ সব রাজ্যের প্রার্থীদের জন্য প্রতিটি পর্বে সুযোগ কিন্তু এক নয়।

আবেদনের শেষ তারিখ কবে?

বিদেশ মন্ত্রকের ২০২৬ সালের অক্টোবর-মার্চ পর্বের ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদন করার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত

অর্থাৎ, তাই যারা এই সুযোগ নিতে চান তাঁদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তবে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে প্রয়োজনীয় তথ্য হাতে নিয়ে তাড়াতাড়ি আবেদন করাই ভালো।

এই ইন্টার্নশিপের সেশনটি অক্টোবর ২০২৬ থেকে মার্চ ২০২৭ পর্যন্ত চলবে।

কারা এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন?

এই ইন্টার্নশিপ কর্মসূচিতে আবেদন করার জন্য প্রথম শর্ত হল আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বর্তমানে স্নাতক স্তরের শেষ বর্ষে পড়াশোনা করছে এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। একইসঙ্গে যাঁরা ইতিমধ্যে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেছেন, তাঁরাও অন্যান্য যোগ্যতা পূরণ করলে আবেদন করার সুযোগ পাবেন।

অর্থাৎ শুধু পড়াশোনা শেষ করা প্রার্থীরাই নন, স্নাতকের শেষ পর্যায়ের পড়ুয়ারাও এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

বয়স কত হতে হবে?

এই ইন্টার্নশিপে বয়সের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম দেওয়া হয়েছে। আবেদনকারীর বয়স ৩১ ডিসেম্বর ২০২৬-এর হিসাবে ২৫ বছরের মধ্যে

তাই আবেদন করার আগে নিজের বয়স এই গন্ডি পার করেছে কি না, তা দেখে নেওয়া জরুরি।

তবে শিক্ষাগত যোগ্যতা ও বয়সের শর্ত পূরণ করলেই আবেদন গ্রহণ করা হবে—এমন নয়। সংশ্লিষ্ট সেশনে কোন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রার্থীদের জন্য সুযোগ রাখা হয়েছে, সেটিও জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।

মাসে কত টাকা স্টাইপেন্ড পাবেন?

বিদেশ মন্ত্রকের এই ইন্টার্নশিপের অন্যতম আকর্ষণ হল মাসিক স্টাইপেন্ড পাওয়া। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১০,০০০ টাকা করে দেওয়া হবে স্টাইপেন্ড।

২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত মোট ছয় মাসের ইন্টার্নশিপ হলে নির্ধারিত হারে মোট ৬০,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়ার সুযোগ থাকছে আপনার হাতে।

তবে পুরো সময়ের ইন্টার্নশিপ সম্পূর্ণ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়ম ও শর্ত প্রযোজ্য হবে।

বিমান ভাড়ার সুবিধাও রয়েছে

বড় কথা হলো, শুধু মাসিক স্টাইপেন্ড নয়, নির্বাচিত ইন্টার্নদের জন্য যাতায়াতের ক্ষেত্রেও নির্দিষ্ট সুবিধা রাখা হয়েছে।

MEA-এর প্রকাশিত নিয়ম অনুযায়ী, যোগ্য ইন্টার্নদের একবার যাওয়া এবং একবার ফেরার বিমানভাড়ার খরচও নির্দিষ্ট সীমার মধ্যে বহন করবে। সাধারণভাবে সংশ্লিষ্ট রাজ্যের রাজধানী এবং দিল্লির মধ্যে প্রচলিত ইকোনমি ক্লাসের বিমানভাড়ার সীমা বিবেচনা করে দেখা হবে।

তবে দিল্লিতে থাকা ও খাওয়ার খরচ ইন্টার্নদের নিজেদের বহন করতে হবে। তাই আবেদন করার আগে শুধু স্টাইপেন্ড নয়, দিল্লিতে থাকার সম্ভাব্য খরচও মাথায় রাখতে পারেন।

নির্বাচন প্রক্রিয়া কীভাবে হবে?

বিদেশ মন্ত্রকের ইন্টার্নশিপে সরাসরি আবেদন করলেই নির্বাচন হয় না। আবেদন জমা দেওয়ার পর যোগ্য প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে।

শর্টলিস্ট হওয়া প্রার্থীদের পরবর্তী নির্বাচনী ধাপে যেতে হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৭ অক্টোবর শর্টলিস্ট করা প্রার্থীদের তালিকা এবং পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে তথ্য প্রকাশ করবে সংশ্লিষ্ট দপ্তর।

এর পরের ধাপে অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ এর পর যোগ্য প্রার্থীদের মধ্য থেকে ফাইনাল তালিকা তৈরি করা হবে।

অর্থাৎ আবেদন করার পর প্রার্থীদের ই-মেল বা সংশ্লিষ্ট পোর্টালে প্রকাশিত আপডেটের দিকে নজর রাখতে পারেন।

নারী প্রার্থীদের জন্য বিশেষ বিধান

এই ইন্টার্নশিপ কর্মসূচির বাছাই প্রক্রিয়াতেও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্তত ৩০ শতাংশ ইন্টার্নশিপ পদে নারী প্রার্থীদের সংরক্ষণ রয়েছে

তবে এর অর্থ এই নয় যে যোগ্যতার শর্ত বাদ দিয়ে নিযুক্ত করা হবে। অন্যান্য প্রার্থীদের মতো নারী আবেদনকারীদেরও নির্ধারিত যোগ্যতা ও বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।

কোন কোন রাজ্যের প্রার্থীরা সুযোগ পাবেন?

MEA-এর অক্টোবর ২০২৬ থেকে মার্চ ২০২৭ পর্বে নির্দিষ্ট কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রার্থীদের জন্য সুযোগ দেওয়া হবে।

এই তালিকায় নাম রয়েছে মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ

অর্থাৎ পশ্চিমবঙ্গের পড়ুয়া ও স্নাতকরাও এই পর্বের ইন্টার্নশিপে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন।

এছাড়াও জম্মু ও কাশ্মীর, লাদাখ, লক্ষদ্বীপ এবং পুদুচেরি-র মতো কেন্দ্রশাসিত অঞ্চল থেকেও প্রার্থীদের জন্য সুযোগ দেওয়া হয়েছে।

তবে রাজ্যভিত্তিক সুযোগ ইন্টার্নশিপের প্রতিটি পর্বে পরিবর্তিত হতে পারে। তাই আবেদন করার সময় সংশ্লিষ্ট টার্মের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিবেন।

ইন্টার্নশিপে কী ধরনের কাজ করতে হবে?

বিদেশ মন্ত্রকে ইন্টার্নশিপ মানে শুধু অফিসে বসে কাজ করা এমনটা কিন্তু নয়। আন্তর্জাতিক সম্পর্ক, বিদেশনীতি এবং বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্কের মতো বিষয় সম্পর্কে বাস্তব কাজের অভিজ্ঞতা পাওয়ার সুযোগ পাবেন।

ইন্টার্নদের বিভিন্ন বিভাগে নির্দিষ্ট বিষয় ভিত্তিক গবেষণা, তথ্য সংগ্রহ, রিপোর্ট তৈরি বা আন্তর্জাতিক বিষয় বিশ্লেষণের মতো কাজে যুক্ত করা হতে পারে।

কোন ইন্টার্ন কোন ধরনের কাজের সঙ্গে যুক্ত হবেন, তা সংশ্লিষ্ট বিভাগ এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের প্রয়োজন অনুযায়ী নির্ধারিত হয়ে থাকবে।

এই কারণে ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আইন, অর্থনীতি, সাংবাদিকতা বা সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করতে আগ্রহী পড়ুয়াদের কাছে এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আবেদন করতে কী কী লাগবে?

অনলাইনে আবেদন করার সময় প্রার্থীদের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় অন্যান্য তথ্য পূরণ করতে হবে।

আবেদন করার আগে নিজের নাম, জন্মতারিখ, শিক্ষাগত তথ্য এবং প্রয়োজনীয় নথিপত্র সাথে রাখতে হবে। অনলাইনে ফর্ম পূরণ করার সময় কোনও তথ্য ভুল হলে পরবর্তী সময়ে সমস্যা হতে পারে। তাই তথ্য সাবমিট করার আগে পুরো আবেদনপত্র একবার ভালো করে চেক করে নিবেন।

কীভাবে আবেদন করবেন?

  • বিদেশ মন্ত্রকের ইন্টার্নশিপের জন্য অনলাইনেই আবেদন করতে হবে।
  • প্রথমে MEA ইন্টার্নশিপ অফিসিয়াল পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর লগইন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। এরপর সংশ্লিষ্ট টার্ম নির্বাচন করে আবেদনপত্রের বাকি ধাপগুলিও পূরণ করতে হবে।
  • তবে এক্ষেত্রে আবেদন জমা দেওয়ার আগে সমস্ত তথ্য ঠিক রয়েছে কি না, তা ভালোভাবে যাচাই করে নিবেন। আবেদন সম্পূর্ণ হওয়ার পরে প্রয়োজনীয় রেফারেন্স বা কনফার্মেশন বা আবেদন পত্রের কপি নিজের কাছে রেখে দেওয়াও ভালো।

গুরুত্বপূর্ণ তারিখ এক নজরে

ইন্টার্নশিপের নাম: MEA Internship 2026
সময়কাল: অক্টোবর ২০২৬ থেকে মার্চ ২০২৭
আবেদনের শেষ তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬
শর্টলিস্ট প্রকাশের নির্ধারিত তারিখ: ৭ অক্টোবর ২০২৬
মাসিক স্টাইপেন্ড: ১০,০০০ টাকা
সর্বোচ্চ বয়স: ২৫ বছর, ৩১/১২/২০২৬ অনুযায়ী

Official Notification : Download